দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী ওই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাঁও বাজারের মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত সনেট হালদার ও তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছে বলে জানা গেছে।
জানা যায়, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকিতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার ভাতিজা সনেট হালদার তাদের বাড়ির ভিতরেই ব্যবসায়ী টুনু ঢালীকে লাঠি দিয়ে পেটায় ও বেধড়ক কিল-ঘুষি মারে। এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানায় নিহতের স্বজনরা।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরএ