দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সদর উপজেলায় সেচ পাম্পের ঘরে বিদ্যুতায়িত হন স্বামী কাসেদ আলী। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আলেমা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্বামী-স্ত্রী দুইজনেই মারা যান।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কাসেদ আলী (৪৫) বালাআটা গোবিন্দপুর গ্রামের মৃত্যু মজিবর রহমানের ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল থেকে কাসেদ আলী তার স্ত্রী আলেমা বেগমকে নিয়ে বাড়ির পাশে ধানের জমি পরিচর্যার কাজ করছিলেন। দুপুরের দিকে প্রচন্ড গরমের কারণে কাসেদ আলী জমির পাশে থাকা টিনের তৈরী সেচ পাম্পের ঘরে যান বিশ্রমের জন্য। কিন্তু সেচ পাম্পের ঘরের বৈদ্যুতিক তারের ছেড়া অংশ টিনের সঙ্গে লেগে ছিল। এসময় হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হন। এ দৃশ্য দেখে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আলেমা বেগমও বিদ্যুতায়িত হন। পরে খবর পেয়ে স্বজন ও আশপাশের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃত্যু অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সেচ পাম্পের ঘরে কাসেদ আলী বিশ্রামের সময় বিদ্যুৎ ছিল না। কিস্তু কিছু সময় পর হঠাৎ বিদ্যুৎ আসলে টিনের সঙ্গে লেগে থাকা কাসেদ আলী বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুতায়িত হয়ে উভয়ে ঘটনাস্থলে মারা যান। এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সেরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।
এফএইচ