দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সদ্য গ্রেপ্তার সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওষুধের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায়, সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষার্থীরা।
তল্লাশি চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে, জরুরী ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেয় শিক্ষার্থীরা।
পরে সিগন্যাল অমান্য করে কাভার্ডভ্যানের চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্যান্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হয়।
এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতরে কস্টেপ পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট।
পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গণনা শেষে আটক কাভার্ডভ্যান চালক সোহাগ (৩৫) সহ উদ্ধারকৃত মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক সোহাগ, নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াত পুর ইউনিয়নের জেল হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অজ্ঞাত একজন।
বিষয়টি নিশ্চিত করে, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খাঁন জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছে অজ্ঞাত একজন ব্যক্তি। ফলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া জব্দকৃত ইয়াবা ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটকৃত কাভার ভ্যান চালককে আগামীকাল সকালে প্রেরণ করা হবে আদালতে।
এফএইচ