দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার শহরে পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মবিরতির কারণে সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই যানজট নিরসনে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে সাধারণ শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে জেলা শহরের ট্রাফিক পুলিশের অনুপস্থিতির ফলে মৌলভীবাজার শহরের চৌমুহনা কুসুমভাগ বেরীরপাড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। সড়কে যানজট কমাতে অ্যাম্বুলেন্স, রিকশা, টমটম, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের জন্য কয়েকটি লেনে ভাগ করে দেওয়া হয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ করেন। এমন কাজে আনন্দিত শিক্ষার্থীরা।
শহরের এস আর প্লাজার সম্মুখে ট্রাফিক চত্বরে দায়িত্বে থাকা মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নিতু বলেন, ‘ট্রাফিক পুলিশ নেই তাতে কী? আমরা এতদিন রাজপথে আন্দোলন করেছি। তাতে পরিবহন চালক ও জনসাধারণের দুর্ভোগ হয়েছে। আমরা এখন যানজট নিরসন ও দুর্ভোগ লাঘবে কাজ করছি। এতে জানসাধারণের কিছুটা হলেও দুর্ভোগ কমবে।
একই স্থানে দায়িত্ব পালনকারী শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘আমাদের দেশ আমরা নতুন করে সাজাতে চাই। যতদিন ট্রাফিক পুলিশ কাজে না ফিরবে ততদিন আমরা সড়কে যানজট নিরসনে কাজ করব।’
শহরের মোবাইল ব্যবসায়ী দেলোয়ার টেলিকমের মালিক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ছাত্রছাত্রীরা মেঘ বৃষ্টিতে ভিজে নিরলসভাবে কাজ করছে। তাদের আন্তরিকতায় সবাইকে শৃঙ্খলার মধ্যে চলতে বাধ্য করেছেন। আমরা তাদের সুন্দর ব্যবহারের জন্য খুশি।’
বাসচালক শাহেদ আলী বলেন, ‘অনেকদিন পর শৃঙ্খলার মধ্যে শহরে কুসুমবাগ এলাকা থেকে ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত বাস চালাতে পেরেছি। শিক্ষার্থীদের আচরণ ও নিয়মনীতিতে আমি মুগ্ধ।’
বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলা যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুন্না বলেন, ‘সড়কে ট্রাফিক না থাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছিল। স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা সেই দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে। এর আগে তারা সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছিল। সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে এমন কাজের জন্য স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা জনগণের পক্ষ থেকে ধন্যবাদ পাচ্ছে।’
আরএ