দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে অটোরিকশার ধাক্কায় মিজানুর রহমান (৫৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানার বাগমারা বেথুলিয়া মাথালিয়া পাড়া এলাকায় চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে। তিনি রাজবাড়ী সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মিজানুর রহমান অন্য পুলিশ সদস্যদের সঙ্গে রাতের ডিউটি করার জন্য রাত ৮টার দিকে সদর থানা থেকে বের হন। সদর থানা পুলিশের একটি টিম রামকান্তপুর ইউনিয়নের বাগমারা বেথুলিয়া মাথালিয়া পাড়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে চেকপোস্ট বসায়। সে সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য তাকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে ভোর সাড়ে ৪টার দিকে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম বলেন, পুলিশ সদস্য মিজানের মৃত্যুতে রাজবাড়ী জেলা পুলিশ গভীর শোকাহত। এ ঘটনায় অটোরিকশা চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ