দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযানে লোহাগড়া পৌরসভা কর্তৃপক্ষও অংশগ্রহণ করেন।
এ বিষয়ে চায়ের দোকানদার ঝন্টু খান বলেন, ‘আমার পরিবারে ৯ জন সদস্য, ঋণ করে মহাসড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম, প্রশাসন আমার চায়ের দোকানটি ভেঙে দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।’
মুরগী ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, ‘মহাসড়কের পাশে খাঁচা বানিয়ে মুরগীর ব্যবসা করে আসছিলাম, প্রশাসন দোকানটি ভেঙে দেওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল।’
কাঁচামাল ব্যবসায়ী নাঈম বলেন, ‘ফুটপাতে বসে কাঁচা মালের ব্যবসা করছিলাম, পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে।’
ফল ব্যবসায়ী বিল্লাল ও সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা লক্ষীপাশা চৌরাস্তার ফূটপাতে ফলের ব্যবসা করে আসছি। আজ আমাদের স্থাপনা উচ্ছেদ করে দেওয়ায় বিপদগ্রস্ত হয়ে পড়েছি। কোথায় কি করবো বুঝে উঠতে পারছি না। পরিবার নিয়ে খুব কষ্টে জীবন যাপন করতে হবে।’
অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মহাসড়কের পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্ট রয়েছে এগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এগুলো অপসারণ না করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের সুফল পাওয়া যাবে না।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। বিভিন্ন সময়ে লক্ষীপাশা চৌরাস্তা এলাকার মহাসড়কের ওপর দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তাটি প্রসস্থ করার উদ্দেশে আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আরএ