দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলিতে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহতের নাম মো. সলিম। তিনি উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের মো. মকবুলের ছেলে।
সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতরা হলেন- একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ। তারা রোহিঙ্গা ক্যাম্পের নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত আড়াইটার দিকে উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের বালুর মাঠ এলাকায় রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলির হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এফএইচ