দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে মাটিতে পুতে রাখা অবস্থায় এক নারী ও দুই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগেই তাদের হত্যা করে এখানে পুতে রাখা হয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের একটি পতিত জমির পাশে গর্ত থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ও ছেলে দুটির বয়স ৩ থেকে ৪ বছর হবে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।
স্থানীয়রা বলছেন, দুপুর ১টার দিকে কয়েকটি কুকুর মানবশিশুর পায়ের অংশবিশেষ নিয়ে ছোটাছুটি করছিল। এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং দুর্গন্ধের সূত্র ধরে এগিয়ে একটি গর্তে মরদেহগুলো দেখতে পায়। পরে বিকেল ৩টার দিকে ত্রিশাল থানা-পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, মরদেহগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে—সপ্তাহ খানেকেরও বেশি সময় আগে তাদের কেউ হত্যা করে পুতে রেখেছে। এখনো পর্যন্ত মরদেহগুলো আমাদের এলাকার না বলে মনে হচ্ছে। অন্য কোনো এলাকা থেকে এনে এখানে পুতে রাখা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-কয়েক দিন আগে তাদের হত্যা করে লাশ গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
এফএইচ