দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের ব্যবসায়ীর চুরি হওয়া ৫০১ মণ ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শেষে ১৭ দিনের মাঝেই প্রথমে আসামিদের ঢাকা আশুলিয়া থেকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়ার ট্রাক জামালপুর এবং ২৬৫ বস্তা ধান উদ্ধার করা হয় পাবনার চাটমোহর থেকে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের চৌহালি থানার নজ্জেশ ওরফে নরদেশের দুই ছেলে যথাক্রমে মো. মামুন (২৬) ও মো: মাসুদ (২৯) এবং জামালপুর মেলান্দহ থানার মৃত জাফর আলীর ছেলে ট্রাকচালক সামিউল হক (৪২)।
শুক্রবার (১৭ মে) বেলা ১২টায় নন্দীগ্রাম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ।
তিনি জানান, গত ২৯ এপ্রিল রণবাঘা বাজারের ধান ব্যবসায়ী ওয়াজেদ আলী ২৬৫ বস্তায় ৫০১ মণ ধান যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা যা ওয়াজেদ ট্রাকযোগে দিনাজপুরের সোনালী অটো রাইস মিলে পাঠান। কিন্তু ধানবোঝাই ট্রাকটি গন্তব্যে আর পৌঁছায়নি। পরে ভুক্তভোগী ব্যবসায়ী নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও সুনিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ মে সিরিজ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া উপজেলার জিরাবো ফুলতলা হতে ট্রাক চালক সামিউল ও ঘটনার সঙ্গে জড়িত দুই ভাই মামুন ও মাসুদকে আটক করে পুলিশের আভিযানিক দল। তাদের দেওয়া তথ্যমতে প্রথমে জামালপুর সদর উপজেলা থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। পরে পাবনা জেলার চাটমোহর উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয় ২৬৫ বস্তা ধান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফএইচ