দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর ক্ষতবিক্ষত মরদেহ স্বামীর বসতঘর থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালাল মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় তাকে হত্যা করেছে। তার শরীরের বিভিন্নস্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে সে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের টিম কাজ করছে।
এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী স্বামী শাহজালালকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।
স্থানীয়রা জানায়, হত্যাকারী শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন। পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানায় স্থানীয়রা। নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।
আরএ