দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বন্ধুর পক্ষ নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে একটি প্রাইভেট ক্লিনিকে সাকিব নামের এক ওয়ার্ড বয়কে বেধরক মারধরের অভিযোগ উঠেছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের আলোচিত খেলোয়াড় আইচ মোল্লার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে এ ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপক মনিরুল ইসলাম সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার সিংগাইর ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জনৈক সন্তান সম্ভাব্য এক নারীর চিকিৎসা নিয়ে আইচ মোল্লার বন্ধু সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার সামছুল মীরের ছেলে কাওসারের সঙ্গে ক্লিনিকের এক কর্মচারীর কাটাকাটি হয়। একপর্যায়ে কাওসার ও আইচ মোল্লার নেতৃত্বে অজ্ঞাত কয়েকজন ক্লিনিকের ওয়ার্ড বয় সাকিবকে বেধরক মারপিট করেন। সাকিবকে উদ্ধার করতে গিয়ে তাদের হামলার শিকার হন আরও দুইজন নার্স। হামলায় গুরুতর আহত ওয়ার্ড বয় সাকিব আহমেদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ হামলাকারীদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন। তারা হলেন- পৌর এলাকার আজিমপুর এলাকার মৃত নুরু মোল্লার ছেলে ক্রিকেটার আইচ মোল্লা (২১), মৃত সামসুল মীরের ছেলে কাউছার মীর (২২) ও করম আলী মীরের ছেলে আবির হোসেন মীর (২২)।
সিংগাইর ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক মোস্তাক আহমেদ জানান, আমাদের হাসপাতালের তিনজন পরিচালকের মধ্যে আমি ও পলাশ সেখানে উপস্থিত ছিলাম। তাদেরকে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ার পরও তারা হাসপাতালের স্টাফকে মারধর করে। সেখানে ক্রিকেটার আইচ মোল্লা ছিল এবং সে কিলঘুষি ও লাথি মারে। সে আমাদের মানিকগঞ্জের গর্ব। তার কাছ থেকে এমন আচরণ মোটেও কাম্য নয়। সিসি টিভির ফুটেজ ও সবার সঙ্গে পরামর্শ করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।
এদিকে হামলায় অংশ নেওয়া ক্রিকেটার আইচ মোল্লা জানিয়েছেন, কীভাবে কি হয়েছে আমি বুঝতে পারছি না। তবে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার ওখানে যাওয়া ঠিক হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়ারুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ