দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে সোনিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ মে) সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী নিশিদ ভূইয়াকে আটক করেছে পুলিশ।
নিহত সোনিয়া আক্তার উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাদশা সরকারের মেয়ে।
নিহতের স্বজনদের অভিযোগ, রাতে সোনিয়ার মৃত্যুর খবর পেয়ে নিজঘরে মরদেহ দেখতে পান স্বজনরা। স্বামী নিশিদ পরকীয়া প্রেম করাসহ ও বিদেশে যাবার জন্য সোনিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিল। এর আগেও সোনিয়ার পরিবার তাদের খরচে স্বামীকে ঘর করে দেওয়াসহ বিদেশে পাঠালেও দেশে ফেরত চলে আসেন স্বামী নিশিদ। বিদেশে যাওয়ার জন্য আবারও টাকা না দেওয়ায় সোনিয়াকে নির্যাতনে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে স্বামীর পরিবার।
নিহতের বাবা বাদশা সরকার বলেন, রাত চারটার দিকে মেয়ের চাচা শাশুড়ি আমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। আমি এসে দেখি মেয়েকে শুইয়ে রাখা হয়েছে। তারা জানায় মেয়ে গলায় ফাঁস দিয়েছে। আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করবে না। তাকে মেরে আত্মহত্যার কথা বলা হচ্ছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হবে।। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ এলে পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে।
জেবি