দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে এক যুবকের কাছে কীটনাশক বিক্রি করাকে কেন্দ্র করে ইমরান হোসেন নামের এক কীটনাশক ব্যবসায়ীসহ তার চারভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমরানের মামাতো ভাই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঘটনার পাচঁ দিন পেরুলেও আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হিজুলী গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ইমরান মানিকগঞ্জ সদর থানায় আটজনের নামসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ইমরান উপজেলার চর মত্ত গ্রামের মহিদুর রহমানের ছেলে।
অভিযুক্তরা হলেন সদর উপজেলার চর হিজলী ঢাকুয়াপাড়া গ্রামের মো. সুজন আহমেদ, সুমন, আরিফ, আসলাম, সাকিব, রবিউল, আতিক ও বাদশা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে ইমরানের সঙ্গে অভিযুক্তরা শত্রুতা করে আসছিল। সম্প্রতি কৃষি কাজে ব্যবহারের জন্য স্থানীয় স্বপন নামের এক যুবকের কাছে কীটনাশক বিক্রি করে ইমরান। ঐ যুবক কীটনাশক কৃষি কাজে ব্যবহার না করে আত্মহত্যার উদ্দেশে পান করে অসুস্থ হয়। পরে কীটনাশক বিক্রির জেরে গত ১৪ মার্চ সন্ধ্যা পৌনে সাতটার সময় উপজেলার হিজুলী গ্রামে ইমরান দোকানে যাওয়ার সময় অভিযুক্তরা যোগসাজসে বাঁশের লাঠি, কাঠের বাটাম, হাতুরি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তার পথ রোধ করে। পরে সুজন আহমেদ ও সুমনের হুকুমে বাকিরা তাকে এলোপাথারীভাবে মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। জীবন রক্ষার্থে ইমরান দৌড় দিয়ে হিজুলী কাচারী বাজারে তার দোকানে চলে যায়। অভিযুক্তরা তার দোকানের ভেতরে যেয়েও পুনরায় মারধর করে। পরে তার আপন ভাই ইব্রাহিম, ইমন, ইয়াছিন এবং তার মামাতো ভাই হৃদয় এগিয়ে আসলে তাদেরকে মেরেও নিলাফুলা জখম করে। সুমন ইমরানের বড় ভাই ইব্রাহিমকে লোহার পাইপ দিয়ে মারধর করে। সুজনের হুকুমে আসলাম ইমরানের মামাতো ভাই হৃদয়কে হত্যার উদ্দেশে লোহার হাতুরি দিয়ে আঘাত করলে হৃদয়ের মুখের ডানপাশে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়।
হৃদয় মাটিতে পড়ে গেলেও সকল অভিযুক্তরা তাকে এলোপাথারিভাবে মারধর করতেই থাকে। অভিযুক্ত সাকিব ও রবিউল অন্যান্য বিবাদীদের সহায়তায় দোকান থাকা ক্যাশবাক্সে রাখা সার ক্রয়ের জন্য রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
অভিযোগকারী ব্যবসায়ী ইমরান জানান, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছে । তার জেরেইে আমার হিজুলী বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করে। এ ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ভয়ভীতি ও ঘটনার বিষয়টি নিয়ে মামলা করলে তার এবং তার পরিবারের সদস্যদেরকে খুন করার হুমকি দেয়। আমি ও আমার ভাইয়েরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জের জরুরি বিভাগে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমার আপন ভাই ইব্রাহিম, ইমন , ইয়াছিনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ও আমার মামাতো ভাই হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমার মামাতো ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পাচঁদিন পেরুলেও থানা পুলিশ এখনও মামলাটি আমলে নেয়নি। সেইসঙ্গে আসামিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। আমি এ নিয়ে শঙ্কিত এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে হিজুলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন জানান, ইমরান একটি ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলা অত্যন্ত দু:খজনক। তবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধমে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি