দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মো. শাহাদাত হোসাইন সুজন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল খায়ের মাস্টারের কলোনি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মো. শাহাদাত হোসাইন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ মানিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, সুজন কলোনির যে ঘরে থাকত, তা মঙ্গলবার সকাল থেকে সারা দিন বন্ধ ছিল। রাতেও ঘরের দরজা না খোলায় কলোনি মালিকের ছেলে নুর নেওয়াজ অনেকক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা-পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুজনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, রাতে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই যুবকের নিথর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
জেবি