দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাজার ৫০০ মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ঐ ফার্মের যন্ত্রপাতি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী।
শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর বিল এলাকায় ফার্জিনা হাস্কিং মিলে ঐ পোল্ট্রি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় উদ্যোক্তা আশরাফ আলী ও জসিম উদ্দীন নামে দুজন মিলে গত বছর থেকে মিলটি ভাড়া নিয়ে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের সময় ঐ পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঐ ফার্মে থাকা ২ হাজার ৫০০ মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আশরাফ আলী বলেন, ফার্মটির পাশে কোনো জনবসতি নেই। শুক্রবার জুম্মার নামাজের সময় বৈদ্যুতিক সকল লাইন বন্ধ করে দিয়ে আমরা নামাজে যাই। হঠাৎ করেই ফার্মে আগুন লাগার খবর পেয়ে দ্রুত নামাজ শেষ করে ছুটে আসি। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। বাতাস থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তিনটি মুরগির শেড পুরে ছাই হয়ে যায়। এর সঙ্গে ঐ শেডগুলোতে থাকা ২ হাজার ৫০০ মুরগির বাচ্চা ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জসিম উদ্দীন বলেন, এই পোল্ট্রি ফার্ম ঘিরে আমরা স্বপ্ন বুনেছিলাম; কিন্তু আগুন আমাদের সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা পথে বসে গেলাম। আমরা মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবেই আমাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে। আশা করি প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তরুণ এই দুই উদ্যোক্তা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর ও ঐ ঘরে থাকা মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্ত দুই উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পোল্ট্রি ফার্মের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং এতে দুই লাখ টাকার ক্ষতি হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করলে প্রকৃত রহস্য উন্মোচন হবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি