দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশের ঘোড়াশালে যাত্রীবাহী এনা পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নাইবুল ইসলাম।
নিহত এনা পরিবহনের চালকের নাম মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। তবে নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ শনিবার ভোর ৪টার দিকে পলাশের ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
পলাশ থানার ওসি তদন্ত মো. জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এফএইচ