দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই চালান জব্দ করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক শুক্রবার দুপুর ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. হোসেন (৪৫)।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হক জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটায় সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্যরা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলে পাড়া নিকটস্থ একটি দোতলা বিল্ডিংয়ের পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ, ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি ৬ চাকার ট্রাক এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকাসহ জব্দতালিকা মূলে উদ্ধার করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৫০হাজার টাকা। জব্দকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
জেবি