দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে জেলা বিএনপির কালো পতাকা মিছিল হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপির নেতাকর্মীদের হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে কালো পতাকা মিছিল বের করে পটুয়াখালী জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পটুয়াখালী সদর রোড হোটেল আল কায়ছারের পিছন থেকে একটি মিছিল বের করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাধা দেয়।
নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিলে পুলিশ লাঠি চার্জ করে।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপি, থানা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও সকল ইউনিটের নেতাকর্মীরা। মিছিলে বিক্ষোভকারী নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ নির্বাচন দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। পরে সদর রোড বড় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট টোটন জানান, আমরা শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল শুরু করলে পুলিশ আমাদের উপর হামলা করে। এতে আমাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, কতিপয় লোকজন একত্রিত হয়ে রাস্তা আটকে রেখেছিল। পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করে রাস্তা থেকে সেসব লোকজনদেরকে সরিয়ে রাস্তা পরিষ্কার করেছে।
জেবি