দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশ উপজেলায় একটি দোকান থেকে চুরি হওয়া মোবাইলসহ তিনজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, গত বছরের ৮ ডিসেম্বর ভোরে পলাশ নতুন বাজারে ওয়াপদা গেইটের বিপরীতে মীম টেলিকম নামে একটি মোবাইলের দোকানের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের ১৩৬টি মোবাইল চুরি করে পালিয়ে যায়।
এই ঘটনায় পলাশ থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় ও পলাশ থানার অফিসার ইনচার্জ মোহা. ইকতিয়ার উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ আলতাব হোসেনসহ একটি চৌকস টিম মামলাটি তদন্ত শুরু করেন।
পরে বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করে। পরে চুরি হওয়া ৫৬টি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।
তাছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এছাড়া গ্রেপ্তারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেবি