দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বুলবুল ইসলাম (৪৮)।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডের নিউ মিষ্টিবন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে বুলবুল ইসলাম রাত আটটার দিকে মহাসড়ক পার হয়ে নিউ মিষ্টিবন হোটেলের সামনে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। রংপুর থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স চৌপথী বাসস্ট্যান্ডে এসে মহাসড়কের উল্টো পথে ঢুকে পড়ে এবং বুলবুলকে ধাক্কা দেয়।
স্থানীয়রা বুলবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, বুলবুল এলাকার ছোট ভাই। তারাগঞ্জে রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তার লাশ বাসায় আনা হয়েছে। পরিবারে তার স্ত্রী, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছেলে ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছে এক মেয়ে রয়েছে। তার এমন মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, চৌপথী এলাকায় সড়ক দুর্ঘটনায় বুলবুল নামের ওই ব্যক্তি মারা গেছেন। তাকে ধাক্কা দেওয়া অ্যাম্বুলেন্সটি পালিয়েছে। বুলবুলের লাশ তার পরিবার নিয়ে গেছেন।
জেবি