দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশ সদস্যের দ্বারা বাসচালককে মারধরের ঘটনার জেরে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের প্রবেশমুখ মর্ডান মোড় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।
স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা গেছে, রংপুরের প্রবেশ পথ মডার্ন মোড়ে রাস্তার পাশে বাস রেখে যাত্রী উঠানোর সময় এক পুলিশ সদস্য গাড়িটি এগিয়ে নেয়ার কথা বলে ওই বাসচালককে। এ সময় বাসটি এগিয়ে না নেওয়ায় কথাকাটির একপর্যায়ে বাসচালককে মারধর করে ওই পুলিশ সদস্য।
এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা এক জোট হয়ে রাস্তার মাঝখানে গাড়ি রেখে প্রতিবাদ করে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তাৎক্ষণিকভাবে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে সরিয়ে নেওয়ার কথা বলে। এ সময় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন। পরে ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. মেনহাজুল আলম বলেন, রাস্তায় গাড়ি রাখা নিয়ে তাজহাট থানার এক পুলিশ সদস্যের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে সমাধান হওয়ায় অবরোধ তুলে নেয় তারা। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
জেবি