দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফলাফল ঘোষণা না হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তিনি ময়মনসিংহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় লিখিত বক্তব্যে সোমনাথ সাহা অভিযোগ করে বলেন, বেশ কয়েকটি কেন্দ্র পোলিং এজেন্টদের জিম্মি করে সিলমারার পাশাপাশি একটি ভোটকেন্দ্রের ব্যালটবাক্স ছিনতাই করে নৌকার কর্মী সমর্থকরা। তার ভিডিও স্থানীয় সাংবাদিকদের কাছে রয়েছে।
অনিয়ম হওয়ায় কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ভুটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওহা নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রউজ বিদ্যানিকেতন, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ মধূসুদন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।
গৌরীপুরে মোট কেন্দ্র ৯২টি, এরমধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগে সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র স্থগিত করা হয়েছে। ঘোষিত ফলাফলে নৌকা ৫৩, ১৯৬ ভোট, ট্রাক- ৫২,২১১ ভোট। ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছে নৌকা। স্থগিত কেন্দ্রে মোট ভোট ৩০৩১।
এ ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে নাজনীন আলম পেয়েছেন ২২৫০ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী জামাল উদ্দিন পেয়েছেন ১৫২ ভোট, ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম পেয়েছেন ১০০ ভোট, আম প্রতীকের এনপিপির শফিকুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট, কেটলি প্রতীক নিয়ে শরীফ হাসান পেয়েছেন ৯২২৬ ভোট এবং কাচি প্রতীক নিয়ে রমিজ উদ্দিন পেয়েছেন ৮৯৩ ভোট।
ভোটকেন্দ্রে অনিয়মের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ কামাল চৌধুরী বলেন, ব্যবধানের চেয়ে স্থগিত কেন্দ্রের ভোট বেশি হওয়ায় কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা করা হয়নি। ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। তবে অন্যকোনো কেন্দ্রে অনিয়ম হয়েছে কিনা আমরা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সেগুলোও খতিয়ে দেখা হবে।
জেবি