দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ইসমাইল হোসেন আসিফ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে হত্যা করার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হাজী ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায় সময় বসে চার বন্ধুসহ আড্ডা দিত আসিফ। এখানে বসে তারা নেশা করতো বলেও অভিযোগ করছেন স্থানীয়রা। অন্যদিনের মতো সোমবার ওই ঘরে এসে একত্রিত হয়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে আসিফ। ওই সময় ঘরের ভেতরে থাকা তার বন্ধুরা বের হয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আসিফ।
নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিত। তার ধারণা আসিফের হাতের মূল্যবান মোবাইল ফোনটি নিতে তার বন্ধুরা তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকতো তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি