দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করছে র্যাব। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ অবুজ (২৫) সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা। একই এলাকার শেখ সবুজ (২৮), হৃদয় (২৩), আওয়াল মিয়া (৪০), জেলা শহরের কান্দিপাড়া এলাকার শিপন মিয়া (২৮) ও একই এলাকার পিয়াস (৩০)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর একটার দিকে জেলার সদর উপজেলার সুলতানপুর চৌধুরী মার্কেটের সামনে থেকে পিকআপভ্যানে করে ২০ বস্তা চিনিসহ জেলা শহরের ভাদুঘর ভিআইপি বেকারির উদ্দেশ্যে রওয়ানা দেন ড্রাইভার।
পথিমধ্যে সুলতানপুর বড় মসজিদের রাস্তার উপরে ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে পিকআপভ্যানটির গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ ড্রাইভারকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ড্রাইভারকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ৩৯ হাজার ২২০ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, এই ঘটনায় ড্রাইভারের বোনজামাই বাদী হয়ে গত মঙ্গলবার (২জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। অপহরণকারীদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি