দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ে ঋণের চাপে চোখে মুখে মরিচের গুঁড়ো দিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করে ফেঁসে গেলেন অভিযোগকারী আশেক আলী (৫৪) নামের এক গরু ব্যবসায়ী।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই গরু ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে থানা থেকে টাকা ছিনতাইয়ের বিষয়টি লিখিতভাবে প্রত্যাহার করে নেয়। এর আগে চোখে-মুখে মরিচের গুঁড়ো দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যবসায়ী। বিষয়টি অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে ফলাও হয়। এমন ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় শিবালয় থানা পুলিশকে।
আশেক আলী শিবালয় উপজেলার দরিকয়ড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও পেশায় একজন গরু ব্যবসায়ী।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর তার ব্যবসার নগদ তিন লাখ ৬০ হাজার টাকাসহ অটোরিকশায় পাটুরিয়া সড়ক হয়ে ইছাইল গ্রামে যাচ্ছিল। পথে মোটরসাইকেলে আসা তিন জন দুষ্কৃতকারী যুবক অটোরিকশার গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তার কাছে থাকা টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তার ডাক চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এমন ঘটনার বর্ণনা দিয়ে শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। পরে পুলিশ তদন্ত করতে গিয়ে ওই ব্যবসায়ীর কথার সত্যতা নিয়ে সন্দেহ হলে তাকে অধিকতর জিজ্ঞেসাবাদ করা হয়। এরপরই বেরিয়ে আসে আসল রহস্য। একপর্যায়ে তিনি ঋণের চাপ থেকে মুক্তি পেতে হতাশায় এমন নাটক সাজিয়েছেন বলে স্বীকার করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, গরু ব্যবসায়ী আশেক আলীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই ওসি তদন্তকে তাৎক্ষণিক তদন্তভার দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ঋণের চাপে পাওনাদারদের হাত থেকে সাময়িক রেহাই পেতেই এমন নাটক সাজিয়েছিলেন তিনি।
জেবি