দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফের ঘাড় মটকে দিতে চাওয়ায় লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে শোকজ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের কাছে এ খবর আসে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) লালমনিরহাট-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান লালমনিরহাট সহকারী জেলা ও দায়রা জজ মো. তাহমীদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রীকে শোকজ করা হয়।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মন্ত্রীর নামে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।
হানিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
তিনি লালমনিরহাট-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হকের সমর্থক।
হানিফের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনোদিন বল, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চেন না।
এ ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর গত ২৫ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন গোলাম মর্তুজা হানিফ।
বিষয়টি আমলে নিয়ে পরদিনই অভিযোগটি নির্বাচনি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়।
অভিযোগ পাওয়ার পরদিন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জেলা ও দায়রা জজ মো. তাহমীদুর রহমান নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদকে শোকজ করেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী নুরুজ্জামান আহমেদ অভিযোগকারীকে ঘাড় মটকানোর মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছেন। যা নির্বাচন আচরণবিধির ১১(ক) ধারার লঙ্ঘন। তাই নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে কেন অনুসন্ধান করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে কারণ ৩১ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, অভিযোগটি আমরা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। তারা বিধিমতো ব্যবস্থা নিচ্ছেন।
জেবি