দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় ভাড়াটে বাহিনী দিয়ে জোর করে শহিদ খান নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের জমি লিখে দিতে হুমকি ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী শহিদের বাড়িতে হামলার সময় ৯৯৯ এ ফোন করলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
থানায় লিখিত অভিযোগ করতে বললে ব্যবসায়ী শহিদ খানের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করে। ব্যবসায়ী শহিদ খান সদর উপজেলার আন্ধারমানিক এলাকার আজিজ খানের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে আব্দুস সালাম নামের এক ব্যক্তির কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করে শহিদ খান। পরে পুরো জমির উপর একটি দোকানঘর নির্মাণ করেন। ঘরটি সদর পৌরসভাধীন বেউথা আন্ধার মানিক এলাকার কালাম মিয়ার ছেলে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর কাছে ৬ লাখ টাকা এডভান্স এবং মাসিক ৩ হাজার টাকা ভাড়ায় চুক্তিনামা করেন। পরে ব্যবসায়ী শহিদ খানের টাকার প্রয়োজন হলে মিজানুর রহমানের কাছে দুই শতাংশ জমি বিক্রি করে অর্ধেক দোকান পরিমাপ করে বুঝিয়ে দেন।
বাকি দোকানঘরটি পুনরায় মিজানুরের কাছে ভাড়া দেন। ভাড়া বকেয়া পড়লে একটি সাদা কাগজে স্বাক্ষর করে ভাড়া বাবদ ২৫ হাজার নেন শহিদ খান। এরপর থেকেই মিজানুর দোকানটি তার কবজায় নিতে স্থানীয় নেতাকর্মীদের দিয়ে জমিটি লিখে দিতে চাপ প্রয়োগ করে। এতে লিখে না দিতে চাইলে গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী শহিদের বাড়িতে মিজানুরের নেতৃত্বে ৭-৮ জন হামলা করে এবং লিখে দিতে নানা ভয়ভীতি দেখায়।
এ সময় শহিদ খানের স্ত্রী ৯৯৯ এ ফোন করলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ করতে বললে ব্যবসায়ী শহিদ খানের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে মিজানুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে অভিযোগকারী শিরিনি আক্তারের স্বামী ব্যবসায়ী শহিদ খান বলেন, আমাদের জমি জোর করে ভাড়াটে বাহিনী দিয়ে লিখে দিতে নানা ভয়ভীতি দেখাচ্ছে। তার বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, তার কাছে সাড়ে ১৬ লাখ টাকা দাম ধরে বিক্রির আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তার ব্যবসায়ী খাতায় স্বাক্ষর করে টাকা নিয়েছে। তাই তার নামে লিখে দেওয়ার জন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাসায় যাওয়া হয়েছিল। কিন্তু কোনো হামলা ও হুমকির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে স্থানীয় মানিকগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু নাহিদ বলেন, শহিদ খানের ব্যবসা প্রতিষ্ঠানের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। একাধিকবার বসেও সুরাহা করা যায়নি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি