দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ প্রার্থীর মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদর্শন করে মো. ওয়াহিদুজ্জামান তানভীর নামের এক যুবকের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, স্থানীয় আনন্দ বাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনি ক্যাম্পে প্রতিদিন সন্ধ্যার দিকে তার কর্মী-সমর্থকরা জড়ো হন।
সেই ধারাবাহিকতায় বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় যুবক ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে একটি মিছিল সেখানে আসে। এ সময় তাকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে নৌকার প্রার্থীর পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
তিনি আরও বলেন, ওয়াহিদুজ্জামান তানভীর উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।শুনেছি সে অল্প বয়স থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে।
এর আগেও তানভীরের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেছেন স্থানীয়রা।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, এই ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। এরপর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সে আমাদের দলের কোনো পদে নেই।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী মিছিলে প্রদর্শন করা অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে একজনকে আটক করা হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ-রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, আমি বিষয়টি জেনেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছেন।
নির্বাচনকে ঘিরে কেউ অপতৎপরতা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ডিপি/