দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় এক রাতেই সদর আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের পাঁচটি নির্বাচনি ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকদের বিরুদ্ধে।
এছাড়াও নওগাঁ-১ আসনের নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনি ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৪ ডিসেম্বর) সদর আসনের বক্তারপুর ইউনিয়নের চকতারতা মোড়, মুক্তারপাড়া মোড়, হাল ঘোষ পাড়া মোড়, তিলকপুর ইউনিয়নের ছিটকীতলা মোড়, পৌর শহরের কালিতলা এলাকায় ও নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নওগাঁ সদর আসনের নৌকার সমর্থকদের দাবি, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পুত্র হওয়ায় নিজাম উদ্দিনের জনপ্রিয়তা অনেক বেশি। আসন্ন নির্বাচনে আবারও তিনি বিজয়ী হবেন জেনে নৌকার সমর্থকদের উপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করতে এক রাতে চারটি নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকরা এসব ঘটনা ঘটিয়েছে।
নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার সমর্থকদের উসকে দিতে যা যা করা দরকার করছেন স্বতন্ত্র প্রার্থী শিষাণের সমর্থকরা। বিপরীতে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন শান্তি বজায় রেখে প্রচার প্রচারণা করে যাচ্ছেন। রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ে শিষাণের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা তুলে ধরেছি। তাৎক্ষণিক শিষাণকে সাবধান করে দিয়েছে নির্বাচন কমিশনার। অথচ ওই রাতেই তার সমর্থকরা আরও বেশি বেপরোয়া হয়ে নৌকার বিভিন্ন ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনায় স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পরাজয় নিশ্চিত জেনে নোংরা রাজনীতির খেলায় মেতেছে নৌকা প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকরা।
নিজেরাই নিজেদের নির্বাচনি ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে নাটক সাজাচ্ছে। প্রতিনিয়ত আমার সমর্থকদের হুমকি ধমকি দেওয়া অব্যাহত রেখেছে নৌকার সমর্থকরা। তাদের অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।
এদিকে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, রাতের আধাঁরে কে বা কারা নৌকার এই ক্যাম্পটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সময় কাউকে চিহ্নিত করা যায়নি। এই রকম ঘটনা নওগাঁ-১ আসনের বাকি দুই উপজেলাতেও ঘটেছে। নিতপুরের আগুন দেওয়ার ঘটনায় যেহেতু কাউকে চিহ্নিত করা যায়নি তাই কারও নাম এখানে সন্দেহভাজনভাবে বলা যাবে না। তবে এই ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, রাতের আঁধারে নৌকার পাঁচটি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি