দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী কৃষক এসকেনদার খাঁকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন স্বজন ও এলাকাবাসী। এ সময় এসকেনদারকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
স্বজনরা জানায়, ২১ ডিসেম্বর বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেনদার খাঁ।
এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় ফজলুল হকসহ ৫৭ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়।
এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে এসকেনদারকে। এ সময় পায়ের রগও কাটা হয়। বাধা দিলে এসকেনদারের চাচাতো ভাই আবু বক্কর খাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
অবস্থার অবনতি হলে এসকেনদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। নিহত এসকেনদার খাঁর পরিবারে তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।
জেবি