দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাসুদেবপুরে রেললাইনের জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। এতে করে ট্রেন চলাচলে সাময়িক ধীরগতি হয়েছে। মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলওয়েস্টেশনের বাঙ্গাল ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়, সকালে একটি মালবাহী ট্রেন বাসুদেবপুর স্টেশন অতিক্রম করে নাটোরের দিকে যাওয়ার সময় বিকট শব্দ হয়। ট্রেনটি নির্বিঘ্নে ওই স্থান পার হয়ে গেলেও পরবর্তীতে এলাকাবাসী গিয়ে ওই অংশে একটি রেলের জয়েন্টের কিছু অংশ ভাঙ্গা দেখতে পান। এ সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেলের বাসুদেবপুর অংশের কীম্যান জালাল উদ্দিন জানান, এটি কোনো নাশকতা নয়। স্বাভাবিকভাবেই রেলের কোনো কোনো জয়েন্ট মাঝে মধ্যে এরকম ভেঙ্গে যায়। সেটা দেখে তাৎক্ষণিকভাবে তারা মেরামত করে থাকেন।
এই খবর জানতে পেরে নাটোর স্টেশনে আসা রাজশাহী হতে চিলাহাটিগামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকে দেওয়া হয়। পরে ওয়েম্যানের হস্তক্ষেপে রেললাইনের ক্ষতিগ্রস্ত স্থানে চটের বস্তা দিয়ে তিতুমীর ট্রেন পার করে দেওয়া হয়।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর পর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক, এসিল্যান্ড রাকিবুল হাসান ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, খবর পেয়ে জয়েন্ট মেরামত করার জন্য তাদের টিম পাঠানো হয়েছে। মেরামত কাজ শেষে ট্রেন চলাচলের গতি স্বাভাবিক হবে।
জেবি