দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট সদর হাসপাতাল থেকে স্যালাইন চুরির সময় সাখাওয়াত হোসেন লাবু নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বস্তাবোঝাই (তরল) স্যালাইন নিয়ে যাওয়ার সময় হাসপাতালের মূল ফটক থেকে তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এসে ওষুধসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক লাবু পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতর থেকে একটি বস্তা নিয়ে আসছিল লাবু। তাকে সন্দেহ হলে হাসপাতালের মূল ফটকের সামনে স্থানীয় লোকজন আটক করে। এসময় বস্তার ভেতর থেকে বিক্রি নিষিদ্ধ সরকারি স্যালাইন উদ্ধার করে তারা। পরে তাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলীর কাছে নিয়ে আসেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য প্রমাণ পাওয়ায় লাবুকে পুলিশে সোপর্দ করেন তত্ত্বাবধায়ক।
এসময় আটক লাবু দোষ স্বীকার করে বলেন, তিনি দীর্ঘ দিন থেকে হাসপাতালে কর্তব্যরত সেবিকা সুমিত্রা রানীসহ কয়েকজন সেবিকার কাছ থেকে সরকারি স্যালাইন, ওষুধ ও দামি ইনজেকশন কিনে আসছিল। এসব ওষুধ কম মূল্যে কিনে নিয়ে বিভিন্ন ওষুধের দোকান ও ক্লিনিকে ভালো দামে বিক্রি করে বলেও সে জানায়। তবে হাসপাতালে কর্তব্যরত স্টাফ নার্স সুমিত্রা রানী অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে আজ আমার ডিউটি ছিল না। আমি কোনো স্যালাইন বিক্রি করিনি।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন, স্থানীয়রা ১৫ প্যাকেট (তরল) স্যালাইনসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসপাতালের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আর আটক স্যালাইন হাসপাতালের কিনা এবং কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এইউ