দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ছয় নম্বর ওয়ার্ডে নির্বাচনি সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। পরে পাড়া মহল্লায় গণসংযোগ করেন আওয়ামী লীগের এই প্রার্থী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, এখনও মানসিকভাবে সুস্থ নই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়েছিল। সে তার মাকে জড়িয়ে মারা গেল। এগুলো দেখে কেউ সুস্থ থাকতে পারে। জনগণকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে। যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ মারে তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কঠোর নিষেধ আছে অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে না। গতকাল আমি দেখেছি আমার এলাকায় ফতুল্লাতে ধ্বংসাত্মক কাজ চালানো হয়েছে। কিছু কিছু জায়গায় আগুন লাগিয়েছে মশাল মিছিল করেছে। অগ্নিসংযোগ করেছে। টায়ারে আগুন দিয়েছে। এটা হচ্ছে মানুষের মনে ভীতি সৃষ্টি করার একটা অপপ্রয়াস। যেই ঘটনাটি গতকাল ঘটেছে ট্রেনের ভেতরে। যেই ঘটনা দেখার পর আমি এখনও মানসিকভাবে সুস্থ হতে পারছি না।
শামীম ওসমান বলেন, বিএনপিকে রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে। মানুষ পুড়িয়ে মেরেছে। সেই সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এদিন দেখতে হতো না।
তিনি বলেন, আমি আমার মতো নিয়মকানুন মেনে নির্বাচন করছি। নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ডিক্লেয়ার দিয়েছেন আমি একা গিয়েছি মনোনয়নপত্র আনতে। আমার অনেক নেতাকর্মী আমার উপর কষ্ট পেয়েছে। আমার প্রতীক আনতে আমি যাই নাই। আমার সিনিয়র নেতাকর্মী ও আমার সন্তান গিয়েছেন। কারণ আমি যদি ওইখানে যেতাম ৫০-৬০ হাজার লোক উপস্থিত হতো। রাস্তা-ঘাট বন্ধ হয়ে যেত। আমরা নির্বাচন কমিশনের সমস্ত আইন মেনে চলছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ওয়ার্ডে শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ শুরু করবেন জানিয়ে শামীম ওসমান বলেন, শুধু আওয়ামী লীগ না, সব শ্রেশি-পেশার মানুষকে নিয়ে কাজ করব। এবার মূল টার্গেট হলো মাদক ও সন্ত্রাস নির্মূল করা। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের ছাত্রদের পাশে থাকার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ এদিন শামীম ওসমান হেঁটে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন৷
জেবি