দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুর স্তূপে চাপা পড়ে আট বছরের শিশু নিহত ও দুই শিশু গুরুতর আহত হয়েছে। গ্রামবাসী প্রায় ঘণ্টাব্যাপী বালুর স্তূপ সরিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঘববাড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৭), সোলায়মান ফকিরের ছেলে মাসুদ রানা (৭) ও আব্দুল আলীমের ছেলে আব্দুল্লাহ (৬) নামে তিন শিশু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর দুটায় দিকে বালুর স্তূপের নিচে খেলাধুলা করছিল। একপর্যায়ে বালুর স্তূপ ধসে পড়ে। বালুর স্তূপ ধসে পড়ার সময় মাসুদ রানা ও আব্দুল্লাহ দ্রুত সরে গেলে আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়ে যায়। দুই শিশুর কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে এসে কোদাল দিয়ে বালু সরাতে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী বালু সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত শিশুর মা হাসি খাতুন বলেন, আমার এতিম ছেলেকে বালুখেকোরা মেরে ফেলেছে। আমি খুনি ফজলুর ফাঁসি চাই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, নদী খননের নামে রাঘববাড়িয়া গ্রামের মৃত বেল্লাল মণ্ডলের ছেলে ফজলুর রহমান ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু পাহাড়সম স্তূপ করে রেখেছে। দিনে বেকু দিয়ে বালু বিক্রি করছে। কিছুদিন পূর্বে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শিশুরা বালুর স্তূপের নিচে খেলার সময় হঠাৎ বালু ধসে পড়ে। বালুর নিচে পড়ে আব্দুর রহমান নামে শিশুটি মারা যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা করা হবে।
উল্লাপাড়া উপজেলয় নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন, রাঘববাড়িয়ায় সরকারি কোনো বালুমহল নেই। বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি