দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে এক চিত্র সাংবাদিক পুলিশ কর্মকর্তার হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ ও ওই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেছেন গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
বিকেলে জেলা শহরের ডিবি রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন অ্যাসোসিয়েশনের সদস্য ও সাংবাদিকরা। এ সময় সড়কের চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুচকাওয়াজ ও শারীরিক নৈপুন্য প্রদর্শণ চলাকালে স্থানীয় সাংবাদিকরা চিত্রধারণ করছিলেন। এ সময় তাদের উপর চড়াও হন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় চিত্র সাংবাদিক নিজের পরিচয় দিলেও তিনি তাকে সজোরে ধাক্কা দিয়ে মাঠের ভেতর থেকে সরিয়ে দেন। এ সময় তিনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে আশেপাশে থাকা সাংবাদিক ও দর্শকরা হতভম্ভ হয়ে যান। এই অপমানজনক আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত সাংবাদিকরা। তারা পুলিশ সুপারের কাছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মুন্না, আতাউল হক সাগর, রিপন আকন্দসহ অন্যরা।
চিত্র সাংবাদিক মোকছেদুর রহমান জানান, তাদের জেলা প্রশাসন চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি কারো কোনো সমস্যা না করে ছবি তুলছিলেন। এ সময় এই ঘটনা ঘটে।
সড়ক অবরোধকালে গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সেখানে এসে বিষয়টির সম্মানজনক সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তিনি বলেন, পুলিশ সুপার বিষয়টি নিয়ে বসবেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জেবি