দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতা প্রতিরোধে নির্বাচন পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম রেলপথের কুমিল্লা, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা- চাঁদপুর রেল পথের ১৭০ কিলোমিটার জুড়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রহরার নির্দেশনা দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ের নিজস্ব বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও এই প্রহরায় নিয়োজিত হচ্ছেন পুলিশ ও আনসারের সদস্যরা। ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার উপসহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী মজুমদার। তিনি জানান, দিনরাত এই প্রহরা চলবে। প্রকৌশল বিভাগের কুমিল্লা অঞ্চলের ১১১ জন কর্মী শিফট করে বিরামহীন এই দায়িত্ব পালন করবেন। তবে ট্রলি না থাকায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাহারা দিতে হচ্ছে কর্মীদের।
রেলওয়ের কর্মীদের সঙ্গে এই পাহারায় যুক্ত হয়েছেন জিআরপি পুলিশ, আনাসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
রেলওয়ে কুমিল্লা স্টেশন ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল জানান, নাশকতা এড়াতে পুলিশকেও দেওয়া হয়েছে একই নির্দেশনা। নিয়মিত টহলের পাশাপাশি রেলওয়ে কর্মীদের পুরোদমে সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।
নিরাপত্তা কর্মীরা বলছে, শীত কুয়াশা উপেক্ষা করে ঝুঁকি নিয়েই রেললাইন নিরাপদ রাখতে দায়িত্ব পালন করছে তারা। শুধুমাত্র টর্চ এবং লাঠি সঙ্গে নিয়েই পায়ে হেঁটে করতে হচ্ছে পাহারার কাজ।
চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর পথে প্রতিদিন ৩৮টি ট্রেন আসা যাওয়া করে। এর মধ্যে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেশি। তবে চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে মূল্যবান পণ্য পরিবহনের জন্যও এই পথ ছাড়া বিকল্প নেই। তাই নাশকতা এড়াতে রেলওয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
কুমিল্লা থেকে ঢাকাগামী মহানগর গোধুলীর যাত্রী আনোয়ারুল হক বলেন, রেল একটি নিরাপদ গণপরিবহন। নির্বাচনকে ট্রেন ভ্রমণে ঝুঁকি তৈরি হয়েছে। গাজীপুরের দুর্ঘটনা আতঙ্ক তৈরি করেছে। রেলকর্মীদের পাহারা প্রশংসনীয়।
কুমিল্লা অঞ্চলের গোমতী তীরবর্তী বানাসুয়া, মৌলভীনগর, এখলাসপুর, গণিপুর, আইট্টাবাড়ি, গাবুয়া, কাগইয়া, পেয়ারাপুরকে, কোর্ট স্টেশন চাঁদপুরকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে রেল।
জেবি