দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেলে থেকেও নাশকতার মামলায় আসামি হয়েছেন ময়মনসিংহ নান্দাইলের যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৪)। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন তিনি।
গত ১৫ নভেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া ব্রিজে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে নান্দাইল থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ মির্জা বাদী হয়ে বিএনপির ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলায় যুবদল নেতা শফিকুল ইসলামকে ১০ নম্বর আসামি করা হয়।
শফিকুল ইসলাম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
শফিকুল পারিবারিক এক মামলায় আদালতে মাসহ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এদিকে কারাগারে থাকা অবস্থায় নাশকতার মামলার আসামি হওয়ায় চলছে সমালোচনা।
শফিকুল ইসলাম বলেন, পারিবারিক একটি মামলায় গত ৮ নভেম্বর মাসহ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করি। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আমাদের। এ ঘটনার ১৪ দিন কারাগারে থেকে ২২ নভেম্বর জামিনে মুক্তি হই।
কারাগারে থেকেও মামলার আসামি হয়েছি এটা ভেবে পাচ্ছি না। এভাবে যাচাই-বাছাই না করে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক না। এই মামলা থেকে আমি অব্যাহতি চাই৷
মামলার বাদী নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ মির্জা বলেন, নাশকতার ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যাদের নাম বলেছেন, তাদের আসামি করা হয়েছে। এভাবেই শফিকুলের নামও এজাহারভুক্ত হয়েছে। তবে তদন্তে জড়িত থাকার প্রমাণ না পেলে অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হবে।
জেবি