দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে নন্দীগ্রাম উপজেলা জাসদের নেতাকর্মীরা।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে কর্মী সভা শেষে এই ঘোষণা দেন উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল।
তিনি বলেন, সংসদ সদস্য রেজাউল করিম তানসেন নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। নিয়মতান্ত্রিকভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন না। এমনকি মহাজোটের শরিক দল আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গেও তিনি সমন্বয় করেন না। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেওয়ার সময় জাসদের নেতাকর্মীদেরকে কিছু জানাননি।
এ কারণে নন্দীগ্রাম উপজেলা জাসদের উদ্যোগে জরুরি কর্মীসভা আহ্বান করা হয়। কর্মীসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, দ্বাদশ সংসদ নির্বাচনে জাসদের কোনো নেতাকর্মী রেজাউল করিম তানসেনকে সহযোগিতা করবে না। এমনকি নেতাকর্মীরা ভোট বর্জন করে তানসেনের পক্ষে ভোটে অংশগ্রহণ করবেন না।
এ বিষয়ে সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কামরুল হাসান জাসদের কেউ না। তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন। তার কর্মীসভা আহ্বান করার এখতিয়ার নাই। এখন তিনিই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ করছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদকের কাছে কিছুদিন আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু তিনি গ্রহণ করেননি যার কারণে আমি এখনও নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি রয়েছি।
জেবি