দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদারের ঘুসিতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মো. রেজাউল করিম (টিটু) (১৭)। সে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন একই গ্রামের মো. মঞ্জুল হক (৫০) ও আশরাফুল তালুকদার (১৮)।
স্থানীয় এলাকাবাসী জানান, রুমন তালুকদার একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে থানায় মাদক মামলা রয়েছে। সে দুর্গাপুর উপজেলায় ভারতীয় সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত। বর্তমানে সে ছাত্রলীগের নাম ব্যবহার করে এসব অপকর্ম করে চলছে।
নিহতের চাচা মো. আব্দুল হাকিম বলেন, স্থানীয় আইয়ুব আলী তালুকদারের ছেলে রোমান সাড়ে ১১টার দিকে আমাদের কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকে। পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ দিলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুণ্ডা-পাণ্ডার ভয়ভীতি দেখাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে।
পরে আমরা এলাকাবাসী উপস্থিত হলে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রোমান রেজাউলকে ঘুসি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি রুমন তালুকদারকে মুঠোফোন একাধিকবার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি