দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকরে একটি বসতবাড়িতে ম্যাগনেটিক পিলারের খোঁজ করতে মাটি খোঁড়াখুঁড়ির সময় বাড়ির মালিক ও চারজন শ্রমিককে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ওই বাড়ির মালিক মৃত আমিনউদ্দীন মোল্লার ছেলে শাজাহান মোল্লা (৬৪), শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের দড়িহাওলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক, ফকিরের ছেলে রাসেল ফকির (৩২), নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মিঠু (৩৬), পটুয়াখালী জেলার ছোট বিগাই এলাকার মৃত কাঞ্চন ফকিরের ছেলে মন্নাত ফকির (৫৫) ও রাজশাহী জেলার মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুল রহমান ওরফে কানন (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী এলাকার শাজাহান মোল্লা তার বাড়ির পেছনের অংশে ব্রিটিশ আমলে স্থাপিত মৌজার সীমানা নির্ধারণের জন্য ম্যাগনেটিক পিলারের সন্ধানে রোববার দিনগত মধ্যরাত থেকে রাসেল ফকির, মো. মিঠু, মন্নাত ফকির ও আব্দুল রহমান ওরফে কানন নামের চারজন শ্রমিক নিয়ে মাটি খননের কাজ চালাচ্ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে জরুরি সরকারি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বিল্লাল হোসেন ঢালী বলেন, এলাকায় ডাকাত পড়েছে এমন শোরগোল পেয়ে আমি এখানে ছুটে আসি। এখানে এসে জানতে পারি এই জায়গায় রাডার পাওয়া যাবে তাই মাটি খোঁড়াখুঁড়ি হচ্ছিল। পরে পুলিশ এসে বাড়ির মালিকসহ পাঁচজনকে ধরে নিয়ে যায়।
স্থানীয় আইয়ুব আলী শেখ বলেন, বাইরের লোকজন এসে কিছু মূল্যবান জিনিসের খোঁজ করতে গর্ত করেছে এমন খবর পেয়ে দেখতে এসেছি। পরে শুনলাম লোকগুলারে থানায় নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মন্নান বেপারী বলেন, বাড়ির মালিক দূরের লোকজন নিয়ে এসে পিলার বের করার জন্য গর্ত করেছে। তারা এখানে কিছু পেয়েছে কিনা জানি না। পরে আমরা খবর পেয়ে দেখতে আসি। প্রায় পাঁচ ফুট পর্যন্ত মাটি খনন করা হয়েছিল।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, ম্যাগনেটিক পিলারের সন্ধানে কয়েকজন লোক মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিকসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি