দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুল হেলিম (৬৫) নামে এক বৃদ্ধ প্রতিবেশী যুবকের মারধরে নিহত হয়েছেন। এই ঘটনার পর বুলবুল মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া নদীরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হেলিম ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আটক বুলবুল একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃদ্ধ আব্দুল হেলিম প্রতিদিনের মতো বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফেরার আগে স্থানীয় নরসুন্দা নদীর পাড়ে তার বীজতলায় যান। সেখানে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি কাঠের লাঠি নিয়ে মারতে যান পাশের বাড়ির বুলবুল মিয়া। লাঠি দিয়ে মারতে চাইলে বৃদ্ধ হেলিম দৌড়ে পালানোর সময় হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় বুলবুল তার হাতে থাকা লাঠি দিয়ে হেলিমের মাথায় বেশ কয়েকটি আঘাত করে। এতে বৃদ্ধ হেলিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন বৃদ্ধ মারা গেছেন।
এই খবর ছড়িয়ে পড়লে বুলবুলকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ হত্যায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরও বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেবি