দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সতর্ক করে শাহীন চাকলাদারকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিনের আদালতে হাজির হন যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি শাহীন চাকলাদার । পরে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়।
যার পরিপ্রেক্ষিতে বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটুর মাধ্যমে শোকজের জবাব দেন শাহীন চাকলাদার। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে বিচারক শাহীন চাকলাদারেকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন।
বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হলে বিচারক সতর্ক করে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে শাহীন চাকলাদারের আইনজীবী রফিকুল ইসলাম পিটু বলেন, শাহীন চাকলাদার আদালতে হাজির হয়ে বিচারকের কাছে শোকজের জবাব দেন। তিনি আরও বলেন, আমরা অনুসন্ধান কমিটিকে বলেছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব।
এদিকে আদালত সূত্র জানায়, শাহীন চাকলাদার হাজির হয়ে বলেন যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত। তিনি আচরণবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন না। ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি সঠিকভাবে বজায় রেখে প্রচারণা চালাবেন বলে মৌখিক ও লিখিতভাবে আদালতে প্রতিশ্রুতি দেন। প্রথমবার এ ধরনের ভুল হওয়ায় আদালত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে তাকে অব্যাহতি দেন। একইসঙ্গে সতর্ক থাকার নির্দেশনা দেন।
জেবি