দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়িতে এক বিচারপতির গাড়িতে পরিমাপে তেল কম দেওয়ায় আমিন সিএনজি ফিলিং স্টেশন নামে একটি ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপশি ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজের নেতৃত্বে সোনাইমুড়ি উপজেলার বজরা দীঘিরজান এলাকার আমিন সিএনজি ফিলিং স্টেশনে ওই অভিযান চালানো হয়। ওই ফিলিং স্টেশনের মালিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে সদ্য পদত্যাগ করা সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসানের গাড়িতে টাকা নিয়েও তেল কম দেয় আমিন ফিলিং স্টেশন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) নোয়াখালী জেলা প্রশাসককে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। পরে বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে গিয়ে অনিয়মের সত্যতা পান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ বলেন, বিএসটিআইয়ের নির্ধারিত পরিমাপকযন্ত্রে প্রতি ১০ লিটার অকটেনে ৪৮০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মিলে অমিন ফিলিং স্টেশনে। এছাড়া ডিসপ্লে নষ্ট থাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল ফিলিং স্টেশনটি। অনিয়মের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন অনুযায়ী তাদের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ভবিষ্যতে এমন কাজ করবে না, নতুন ডিসপ্লে প্রতিস্থাপন ও মেশিন ক্যালিব্রেশন করে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে ডিসপেন্সিং ইউনিট পুনরায় চালু করতে বলা হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক পূজন কর্মকার, জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. ইসমাইল হোসেন বলেন, বিচারপতির গাড়িতে তেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন বলে তিনি শুনেছেন।
জেবি