দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকের দেওয়া হুমকিতে নির্বাচন আচরণবিধি না মানার অভিযোগে নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজের জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুনের আদালতে স্বশরীরে উপস্থিত হলে আদালতের খাস কামরায় তিনি লিখিত জবাব দেন।
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকের দেওয়া হাড় ভাঙার হুমকিতে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা বলেন, আমার উপস্থিতিতে এক সহকর্মী যে বক্তব্য দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা যে অভিযোগ করেছেন সেটি আমার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাসায় বেড়াতে গিয়েছিলাম। এর মাঝে ঘরোয়া একটি বৈঠকে আমাদের সাংগঠনিক সম্পাদক প্রসঙ্গতভাবে আগের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বলে ফেলেছে। যদিও আমার কাছে এ বক্তব্য গ্রহণযোগ্য না। এ বক্তব্যের পর তাৎক্ষণিক সেই নেতাকে তিরষ্কার করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। যে কারণে আদালত আমাকে ডেকেছিল। তার জন্য স্বশরীরে উপস্থিত হয়ে আদালতে জবাব দিয়েছি। এ থেকে প্রমাণিত হয়েছে জবাবদিহিতার বাইরে কেউ নয়।
জানা যায়, গত ২ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার মানিমাছপুকুরী বাজারে নির্বাচনি প্রচারণা চলছিল। সেখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বলেন, নৌকা মার্কা ও নৌকা মার্কার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করলে হাড্ডি ভেঙে দেওয়া হবে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার কারণ দর্শানোর এক নোটিশ দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি।
জেবি