দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কাঁচপুর আন্ত:জেলা বাস টার্মিনালকে কিভাবে আধুনিক টার্মিনালে পরিণত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা যদি এখানে ১৬ জেলার বাস স্থানান্তর করতে পারি তাহলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে যাবে। এছাড়া বাস চলাচলও অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসবে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা নগর আন্ত:জেলা বাস টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে কাঁচপুর টার্মিনালের যেভাবে কাজ চলছে আশা করছি আগামী বছরের মাঝামাঝিতে কাজ শেষ হয়ে যাবে।
তাপস বলেন, আন্ত:জেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য আমরা চারটি স্থান নির্ধারণ করেছি। এরই মধ্যে কাঁচপুরে একটি টার্মিনালের কাজ শুরু হয়েছে। আমি খুব আনন্দিত। আমরা যেভাবে আশা করেছিলাম ওইভাবেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে বালু ভরাটের কাজ শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়েই শেষ হবে। পাশাপাশি আমরা সীমানা প্রাচীরের কাজ শুরু করবো এবং কিছু অবকাঠামোর নির্মাণ কাজ করতে হবে। এর আগে আমরা পরিবহন মালিকদের সঙ্গে বসবো। কী ধরনের অবকাঠামো নির্মাণ করলে তাদের কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। এর পুরো কাজটাই আমরা নিজস্ব অর্থায়নে চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, এটা দীর্ঘমেয়াদি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এরই মধ্যে পরামর্শক নিয়োগের কাজ শুরু করেছি। পরামর্শকের মাধ্যমে পূর্ণভাবে নকশা প্রণয়ন করে নির্মাণ কার্যক্রম শুরু করব। বর্তমানে যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলো আশির দশকে পরিকল্পনা করা হয়েছিল। তখন শুধুমাত্র টার্মিনাল হিসেবে করা হয়েছিল। এরপর এখানে আন্ত:জেলা এবং সিটি বাস সব একসঙ্গে রাখা হয়েছিল। সেটা এখন কার্যকর না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্ত:জেলা বাস টার্মিনালগুলোকে ঢাকার বাইরে রাখতে হবে। আর ঢাকার মধ্যে যে টার্মিনালগুলো আছে সেখানে শুধু নগর বাসগুলো থাকবে।
মেয়র তাপস বলেন, টার্মিনাল আলাদা করে দেওয়ার ফলে ঢাকা শহরের যানজট অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে। আর যেকোনো পরিকল্পনা নেওয়ার আগে এটাতে কেমন ধারণক্ষমতা থাকবে তারও পরিকল্পনা নিতে হয়। আশির দশকে যে পরিকল্পনা নিয়ে টার্মিনালগুলো নির্মাণ করা হয়েছিল তা বর্তমানে কার্যকর না হওয়াটাই স্বাভাবিক। আমরা সেজন্য কাঁচপুরের পাশাপাশি আরেকটি স্থানে আন্ত:জেলা টার্মিনাল নির্মাণ করছি। যেন একটার ওপর বেশি চাপ পড়ে না যায়। বর্তমানে কাঁচপুর টার্মিনালের যেভাবে কাজ চলছে আশা করছি আগামী বছরের মাঝামাঝিতে কাজ শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, রাজধানীর যানজট নিরসন ও পরিবহনের বিশৃঙ্খলা ফেরাতে সায়দাবাদ বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ শুরু হয় এ বছরের ৯ আগস্ট।
জেবি