দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার শরিফের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার অজ্ঞাতনামা সেই লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা ( ৪৫) । তিনি একজন ভ্যানচালক ছিলেন। গত পাঁচদিন আগে নিখোঁজ হন প্রহলাদ।
প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে।
স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে হজরত খানজাহান আলী (রহ.) মাজার শরিফের পুকুরের পূর্বপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের শরীরে থাকা সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছে বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশে বের হয়ে আর ফেরেনি ভোলা। পরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী দিপিতা রানী দাস।
পুকুরের পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার জুথি বলেন, সকাল সাড়ে আটটার দিকে থালা-বাসন ধোয়ার জন্য বাড়ির সামনে থাকা পুকুরে যাই। তখন পুকুরের মধ্যে অনেক দূরে একটি মরদেহ ভাসতে দেখি। পরবর্তীতে সবাইকে জানাই।
ওসি আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মটদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।
ওসি আরও বলেন, নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসেছেন। শরীরের কাপড় দেখে নিহতকে ভ্যানচালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা হিসেবে শনাক্ত করেছেন তার বাবা। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেবি