দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন অগ্রযাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি চুক্তির অসম্পূর্ণ ধারা দ্রুত পূরণ হবে। আর তাই সকল সম্প্রদায়কে আন্তরিক হতে হবে। তাহলেই পাহাড় হবে উন্নত ও সমৃদ্ধশালী এলাকা।
শনিবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এমন মত দিয়েছেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকল সম্প্রদায়, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন।
পরে রাজার মাঠে সেনাবাহিনী ও স্বাস্থ্যবিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার গরিব ও অসহায় পরিবারের মধ্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লা, পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি