দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘মুক্তা-জাফর’ প্যানেল বিজয়ী হয়েছেন। এই প্যানেলের প্রার্থীরা ১৩টি পদের সবকটিতে বিজয়ী হন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ তাদের এই বিজয়কে ‘ভোট বিপ্লব’ দাবি করেছেন। তারা বলেন, বগুড়ার আইনজীবীরা ভোটের মাধ্যমে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।
শুক্রবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম ফারুক পেয়েছেন ২৭৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের জহুরুল হক জাফর পেয়েছেন ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জাকির হোসেন নবাব পেয়েছেন ৩৩৪ ভোট।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’টি প্যানেল ছাড়াও জাসদ এবং বাসদ সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও একটি প্যানেলের আটজনসহ মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অপর ১১ জন হলেন জাহিদুল ইসলাম খান মুন্নু, রিয়াজ উদ্দিন (সহ-সভাপতি), মাফুজার রহমান মাসুদ, হেলাল উদ্দিন প্রামাণিক (যুগ্ম সম্পাদক), মিজানুর রহমান মিজান (লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক), আ.ন.ম বজলুর রশিদ (ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং নির্বাহী কমিটির সদস্য পদে নাসরিন আক্তার জাহান, নূরুল ইসলাম আকন্দ, নাজমুল হোসেন, সাইফুদ্দিন সাইফুল ও জাকারিয়া সরকার ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৮১০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়কে আইনজীবীদের ‘ভোট বিপ্লব’ দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আলী আসগার বলেন, ভোটার সংখ্যার দিক থেকে বগুড়া জেলা আইনজীবী সমিতি উত্তরাঞ্চলে আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন। সেই সংগঠনের সদস্যরা এবার ভোট বিপ্লব করেছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, নির্বাচনের এই ফলাফল বলে দেয় বগুড়ার আইনজীবীরা চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।
জেবি