দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচর উপজেলায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে আহত একজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরও দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ডাকাতদের হামলায় একজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আ. হাকিমের বাড়িতে ৫ জনের একটি ডাকাত দল প্রথমে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলটি পালিয়ে গিয়ে একই এলাকার ভ্যান চালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দেয়। সেখানে তুষার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য মির্জন খালাসী (৪২) ও হাসমত বেপারীকে (৪৩) আটক করে গলধোলাই দেয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষণা করেন। নিহত মির্জন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে।
এদিকে সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম বলেন, ভোরে দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে।
শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুজনকে আটক করা হয়েছে।
জেবি