দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজি মফিজ গ্রুপের বিক্ষোভ মিছিলে হামলা ও গুলির অভিযোগ ওঠেছে সরকার দলের নেতাকর্মীর বিরুদ্ধে। রোববার (১৯ নভেম্বর) উপজেলার আজিজপুর এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে ১৬ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত নেতাকর্মীরা হলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, বিএনপি কর্মী আলাউদ্দিন, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, অন্তর, মোহাম্মদ আলম, আবু সুফিয়ান, রুবেল, বাদশা, ইমরান হোসেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, সিফাত আবুল কাশেম, ইকবাল হোসেন, সবুজ, মো. রুবেল, মো. শফিক, মোজাম্মেল হোসেন, মো. রাব্বি।
সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য ভিপি মফিজুল ইসলাম বলেন, সকালে আমার নেতৃত্বে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কে ওঠার পর কয়েকশ গজ অতিক্রম করতেই কয়েকটি সিএনজি ও মোটরসাইকেলে করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী আকস্মিক মিছিলে হামলা চালায়।
হামলাকারীরা এ সময় মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জন ছররা গুলিবিদ্ধ হন।
বিএনপির দলীয় সূত্র জানায়, হামলার ঘটনার পর আহত নেতাকর্মীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে, ফার্মেসিতে এবং বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশি হয়রানি এড়াতে বাসা বাড়িতে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ওরফে ভিপি মোহন বলেন, বিএনপির মিছিলে হামলা কিংবা গুলির কোনো ঘটনা তার জানা নেই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মিছিলে গণ্ডগোলের খবর শুনেছেন ঘটনার অনেক পরে। পুলিশ গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায় বিএনপির জয়নুল আবেদিন ফারুক অনুসারী ও কাজী মফিজ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নয়। আহত কাউকেও পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
জেবি